নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া আজিজুর রহমান পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিউর রহমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ দাবি করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক মো. মতিউর রহমানের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তাদের দাবি, বিদ্যালয়ের কমিটি গঠনের প্রস্তুতিকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ তুলেছে।
বক্তারা আরও বলেন, মো. মতিউর রহমান দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই কোনো পক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরার দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোহাম্মদ জহুরুল হক ও মোহাম্মদ শহিদুল আলম, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান, স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ হেদায়েতুল ইসলাম, সমাজসেবক মোহাম্মদ জাকির কাজীসহ প্রমুখ।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন ও জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানান তারা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।