নিজস্ব প্রতিবেদক : মেহেদী হাসান শামীম ||
নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে শেরপুরের নকলায় ‘নৈপুণ্য কুটির শিল্প’ প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার ভুরদি এলাকায় হাবিবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে দিশারী পৌর পল্লী সংস্থা (ডিপিপিএস)-এর উদ্যোগে এ প্রশিক্ষণ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
হাবিবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আলহাজ্ব মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন ঘোষণা করেন নরসিংদী ঘোড়াশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনোয়ার হোসেন সুমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিশারী পৌর পল্লী সংস্থা (ডিপিপিএস) শেরপুরের নির্বাহী পরিচালক রিয়াজ উদ্দিন ও নৈপুণ্য কুটির শিল্পের পরিচালক আলহাজ্ব কামরুল ইসলাম।
আয়োজকরা জানান, নতুন এ প্রশিক্ষণ সেন্টারে নারীদের কুটির শিল্পের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। বিশেষ করে সেলাইসহ বিভিন্ন কাজের প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষ করে গড়ে তোলা হবে। প্রশিক্ষণ শেষে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও স্বাবলম্বী করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, গ্রামীণ নারীদের দক্ষতা বিকাশের পাশাপাশি তাদের আয়-রোজগারের সুযোগ সৃষ্টি এবং পরিবারে অর্থনৈতিক অবদান বাড়াতে ‘নৈপুণ্য কুটির শিল্প’ প্রশিক্ষণ সেন্টারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।