নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। নৌকাবাইচ ঘিরে নদীর দুই পাড়ে নামে হাজারো মানুষের ঢল। মাঝিদের ‘মারো টান, হেইয়ারে হেইয়া’ স্লোগান আর বৈঠার ছন্দে প্রাণ ফিরে পায় তিতাসের বুক। শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে পৌর এলাকার শিমরাইলকান্দি থেকে মেড্ডা পর্যন্ত তিতাস নদীতে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মোট নয়টি নৌকা অংশ নেয়।
দুপুর থেকেই নদীর দুই পাড়ে ভিড় করতে থাকেন নানা বয়সী মানুষ। কেউ নদীর পাড়ে দাঁড়িয়ে, আবার কেউ নৌকায় বসে উপভোগ করেন জমজমাট এ প্রতিযোগিতা। নৌকা ছুটে চলার সঙ্গে সঙ্গে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সন্ধ্যায় শেষ হয় নৌকাবাইচ। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুটি নৌকা। তৃতীয় স্থান অর্জন করে নবীনগর উপজেলার একটি নৌকা। পরে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেওয়া হয়।
মেড্ডায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. সিরাজুল ইসলাম ও পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শ্যামল বলেন, যুবসমাজকে মাদকসহ নানা অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের আয়োজন গুরুত্বপূর্ণ। এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন মানুষের মধ্যে আনন্দের পাশাপাশি সামাজিক বন্ধনও দৃঢ় করে। তিনি প্রতিবছর তিতাস নদীতে নৌকাবাইচ আয়োজনের ঘোষণা দেন।