নিজস্ব প্রতিবেদক : মেহেদী হাসান শামীম ||
শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নে চরম অনাহার-অর্ধাহারে দিন কাটানো এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী। গভীর রাতে অসহায় পরিবারটির বাড়িতে গিয়ে নিজ হাতে অসুস্থ গৃহকর্তাকে খাবার খাইয়ে দেন তিনি। পাশাপাশি পরিবারের সদস্যদের হাতে তুলে দেন নগদ অর্থ, খাবার ও প্রয়োজনীয় ওষুধ।
দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্য ও অসহায়ত্বের মধ্যে দিন কাটছে পরিবারটির। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিও গুরুতর অসুস্থ। তার ওপর রয়েছে শারীরিক প্রতিবন্ধী এক সন্তান। এরই মধ্যে পরিবারের একমাত্র নারী সদস্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলে পরিবারটির জীবনে নেমে আসে আরও গভীর সংকট।
খাবারের অভাব, চিকিৎসার অনিশ্চয়তা আর স্বজন হারানোর বেদনায় পরিবারটি যখন দিশেহারা, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের মানবেতর জীবনযাপনের খবর। বিষয়টি নজরে আসে বিএনপি নেতা আলহাজ্ব হযরত আলীর।
খবর পেয়েই কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা কালক্ষেপণ না করে গভীর রাতেই অসহায় পরিবারটির বাড়িতে ছুটে যান তিনি। সেখানে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং অসুস্থ গৃহকর্তার পাশে বসে নিজ হাতে তাকে খাবার খাওয়ান।
পরে তিনি পরিবারটির জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা, খাবার ও ওষুধের ব্যবস্থা করেন। একই সঙ্গে অসুস্থ গৃহকর্তা ও শারীরিক প্রতিবন্ধী সন্তানের চিকিৎসা, ওষুধ ও পুষ্টিকর খাবারের নিয়মিত সরবরাহসহ পরিবারের জরুরি খরচ বহনের আশ্বাস দেন।
হযরত আলীর এমন তাৎক্ষণিক সহায়তা ও দীর্ঘমেয়াদি পাশে থাকার প্রতিশ্রুতিতে স্বস্তি ফিরেছে অসহায় পরিবারটির মাঝে। স্থানীয়দের কাছেও প্রশংসিত হয়েছে তার এই উদ্যোগ।
স্থানীয়রা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষরা যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে অনেক পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে। একই সঙ্গে হযরত আলীর এই উদ্যোগ অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে মনে করেন তারা।