নিজস্ব প্রতিবেদক : মেহেদী হাসান শামীম ||
শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা পৃথক তিনটি মামলায় এ দণ্ডাদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ঝিনাইগাতী সমজিদ রোড এলাকার আব্দুর রহিমের ছেলে রাশেদুল ইসলাম (২৮), উপজেলার বন্দভাটপাড়া এলাকার তাইজুল ইসলামের ছেলে তাকবীর (২৫) এবং একই এলাকার আবেদ আলীর ছেলে সাইদুল ইসলাম (২৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় রাশেদুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, তাকবীরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সাইদুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
দণ্ডাদেশের পর মঙ্গলবার রাতেই তিনজনকে ঝিনাইগাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাদের কারাগারে পাঠায়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত তিনজনকে রাতেই পুলিশ হেফাজতে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নিয়ন্ত্রণে ভবিষ্যতেও নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।