নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবাসহ মো. এরফান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল মিনি বান্দরবান সড়কে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করে।
বিজিবি জানায়, রেজুখাল চেকপোস্টে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানোর সময় গাড়ির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় গাড়িতে থাকা এরফানকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
আটক এরফান কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ মহুরিপাড়া লিংক রোড এলাকার মৃত মো. আব্দুল ছামাদের ছেলে।
বিজিবি আরও জানায়, এ ঘটনায় টেকনাফের সাবরাং সিকদার এলাকার মৃত জহির আহম্মেদের ছেলে মো. কাদের (৪৫) ও মো. কামাল (৪০) এবং রামুর পূর্ব গোয়ালিয়াপালং এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে মো. মুনসুর (৫৫) পলাতক রয়েছেন।
আটক ব্যক্তিকে জব্দ করা ইয়াবা ও অন্যান্য মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’