নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
আগামী বছরের জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। রোববার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি মাছউদ বলেন, প্রাথমিকভাবে আগামী ১২ নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হয়েছিল। তবে সেই পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার এবং শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই সময়ে নির্বাচন আয়োজন করা কঠিন। এসব বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত হয়েছে।
ইসি মাছউদ জানান, আগামী বছরের জানুয়ারিতে ইউপি নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও বলেন, ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়েও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। ফলে ভোটের দিনক্ষণ ও ধাপের বিষয়ে চূড়ান্ত তথ্য পেতে আরও কিছুটা সময় লাগবে।
এর আগে নির্বাচন কমিশন সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করেছিল। প্রাথমিক পরিকল্পনায় চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বরের পাশাপাশি আগামী বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল ও মে মাসে কয়েক ধাপে ভোট আয়োজনের কথা বলা হয়েছিল।
এদিকে, আগামী ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের (স্টেকহোল্ডার) সঙ্গে নির্বাচন কমিশনের যে সংলাপ হওয়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ইসি মাছউদ।