নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
আর্থিকভাবে অসচ্ছল রোগী এবং দরিদ্র ও মেধাবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে শেরপুর জেলা পরিষদ। মানবিক সহায়তার অংশ হিসেবে যাচাই-বাছাই শেষে নির্বাচিত উপকারভোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদ, শেরপুরের মিলনায়তন ‘নিসর্গ’-এ আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
এ সময় তিনি বলেন, “আর্থিক সীমাবদ্ধতা থাকলেও শেরপুরবাসীর পাশে জেলা পরিষদের সহযোগিতার হাত সাধ্য অনুযায়ী সবসময় প্রসারিত থাকবে। সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের এই প্রচেষ্টা আপনাদের সামগ্রিক চাহিদা সম্পূর্ণরূপে পূরণ করতে না পারলেও জেলা পরিষদ পরিবার আপনাদের দুঃখে সমব্যথী হয়ে সবসময় পাশে আছে এবং থাকবে।”
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করাই জেলা পরিষদের এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। মানবিক সহায়তার মাধ্যমে তাদের জীবনে আশার আলো জ্বালানোর পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায়ও এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদ, শেরপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়।
এ সময় জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, সার্ভেয়ার সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং সহায়তা পাওয়া উপকারভোগীরা উপস্থিত ছিলেন।