নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
তৃণমূল পর্যায়ে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা বিনামূল্যে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনি অঙ্গীকার বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে। দেশের প্রান্তিক ও সাধারণ মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ম্যাব) আয়োজিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের স্বাস্থ্যখাতে ভূমিকা, প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সার্বিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। প্রায় ১৮ কোটি মানুষের দেশে বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিপুলসংখ্যক দক্ষ স্বাস্থ্যকর্মীর প্রয়োজন। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার ইতোমধ্যে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনাকে বিশ্বমানের ও সুসংহত করতে চলতি বাজেটে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
পেশাগত সমস্যা সমাধানে ঐক্য ও পারস্পরিক সংহতির ওপর গুরুত্বারোপ করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, কোনো পেশাগত সমস্যা টেকসইভাবে সমাধান করতে হলে সংশ্লিষ্ট সবার মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নাগরিক ও পেশাগত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।
তিনি বলেন, শুধু সরকারের একার পক্ষে দেশের স্বাস্থ্য ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় ও দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ডি-ম্যাবের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, এমপি বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর শূন্য পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, এমপি উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের জন্য সরকারিভাবে সৃষ্ট ৩ হাজার ২০০টি শূন্য পদে দ্রুত নিয়োগ ও পদায়নের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, দক্ষ এসব জনশক্তির কর্মসংস্থানের সুযোগ শুধু সরকারি পর্যায়ে সীমাবদ্ধ না রেখে বেসরকারি স্বাস্থ্য খাতেও সম্প্রসারণের উদ্যোগ নিতে হবে।
সভায় ডি-ম্যাবের সদস্যদের পক্ষ থেকে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনায় ৩৫ হাজার বেকার ডিএমএফ ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে বর্তমানে থাকা প্রায় ৩ হাজার ২০০টি শূন্য পদে দ্রুত নিয়োগ ও পদায়নের দাবি তুলে ধরা হয়।
এসব দাবির পরিপ্রেক্ষিতে সমাজকল্যাণমন্ত্রী সংশ্লিষ্টদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
ডি-ম্যাবের আহ্বায়ক মো. শহীদুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।