নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে দেশের দূরপাল্লা ও নগর পরিবহনের বাসভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রীবাহী বাসের ভাড়া দূরপাল্লার পথে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছিল। তবে বৈঠকে উভয় ধরনের পরিবহনের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়।
গত এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হলে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। সেই ভাড়া বৃদ্ধির পর এবার আবারও বাড়ানো হলো বাসের ভাড়া।
বর্তমানে ভাড়া বৃদ্ধির আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে এ ভাড়ার সঙ্গে কিলোমিটারপ্রতি আরও ১৭ পয়সা যোগ হবে।
অন্যদিকে দূরপাল্লার ৫২ আসনের বাসে বর্তমানে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা। নতুন করে ১৭ পয়সা বাড়ানোর পর এ ভাড়াও পুনর্নির্ধারণ করা হবে।
তবে দূরপাল্লার অনেক নন-এসি বাসে আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তার কম করা হয়েছে। তুলনামূলক আরামদায়ক এসব বাসে সাধারণ বাসের চেয়ে বেশি ভাড়া নেওয়া হয়। এর সঙ্গে বিভিন্ন সেতু ও সড়কের টোলও যাত্রীদের ভাড়ার সঙ্গে যুক্ত হয়।
নতুন ভাড়া কার্যকর হলে দূরপাল্লা ও নগর পরিবহনের যাত্রীদের যাতায়াত খরচ আরও বাড়বে।