নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
রাজশাহীর মোহনপুরে জান্নাতুন বেগম (৫৫) নামে এক নারীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে আমিনুল ইসলাম (৩২)-এর বিরুদ্ধে। এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে আমিনুলের হামলায় তাঁর বাবা মুজিব সরদারও গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন ও অর্থ জোগাড়কে কেন্দ্র করে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধে জড়াতেন এবং তাঁদের ওপর চড়াও হতেন।
পরিবারের সদস্যরা বিভিন্ন সময় তাঁকে নিয়ন্ত্রণের চেষ্টা করেও সফল হননি।
এরই ধারাবাহিকতায় বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে আমিনুলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি হাঁসুয়া নিয়ে তাঁর মা জান্নাতুন বেগমের ওপর হামলা চালান। এ সময় হাঁসুয়ার আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান জান্নাতুন।
মাকে রক্ষা করতে এগিয়ে গেলে আমিনুল তাঁর বাবা মুজিব সরদারের ওপরও হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জান্নাতুন বেগমের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে আমিনুল ইসলামকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মামলা হওয়ার পর তাঁকে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে নিহত নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।