নিজস্ব প্রতিবেদক : মেহেদী হাসান শামীম ||
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। চলতি মৌসুমে সারের কৃত্রিম সংকট রোধ এবং কৃষকদের কাছে সহজ ও সুষ্ঠুভাবে সার পৌঁছে দেওয়ার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল ও সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল।
এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দা জিনাত রেহেনা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখলাছুর রহমান লিটন, বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএডিসি সার ডিলার সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক আলী মুল রাজী জুয়েলসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।
সভায় উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের সার ডিলারদের সার বিতরণ, মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। কৃষকরা যাতে নির্ধারিত নিয়মে প্রয়োজনীয় সার সহজে সংগ্রহ করতে পারেন এবং কোনো ধরনের কৃত্রিম সংকট বা অনিয়ম সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার ডিলার ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।