নিজস্ব প্রতিবেদক : মেহেদী হাসান শামীম ||
শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজের আয়োজনে কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীবরদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী হাসানুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মীর মো. আতিকুজ্জামান।
অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হামিদুর রহমান। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহনাজ পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মর্জিনা আক্তার, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবু সাঈদ ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. তাউহিদুল আলম।
এ ছাড়া বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক রেজুয়ানুল হক এবং কলেজ ছাত্রদলের সভাপতি মুয়াজ আহমেদ।
এ সময় কলেজের শিক্ষক, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে সাহিত্য-সংস্কৃতি ক্লাবের উদ্যোগে মঞ্চস্থ হয় মান্নান হীরার রচনা ও সুজন হামিদের নির্দেশনায় নাটক ‘পান্তা আকালী’।
নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।