নিজস্ব প্রতিবেদক : মেহেদী হাসান শামীম ||
শেরপুরে এবার ১৮১টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। পূজাকে ঘিরে মণ্ডপগুলোর প্রস্তুতি, নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, রাস্তাঘাট সংস্কার ও সরকারি অনুদান নিয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, শেরপুর জেলা শাখা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের গোপালবাড়ীস্থ জিউর মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্য সচিব সুব্রত চন্দ্র দে। এতে বিশেষ অতিথি ছিলেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ।
জেলা পূজা উদযাপন ফ্রন্ট সূত্রে জানা গেছে, এবার শেরপুর সদর উপজেলায় ৭৯টি, নালিতাবাড়ীতে ৪১টি, নকলায় ১৯টি, ঝিনাইগাতীতে ১৮টি এবং শ্রীবরদীতে ১৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সভায় বিভিন্ন মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মণ্ডপসংলগ্ন ল্যাম্পপোস্টের বাতি সচল রাখা এবং চলাচলের রাস্তাঘাটের খানাখন্দ সংস্কারের দাবি জানান।
পাশাপাশি সরকারি অনুদান ও প্রয়োজনীয় বরাদ্দ সময়মতো পৌঁছানো এবং বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে অনুদানের পরিমাণ বাড়ানোর দাবিও তুলে ধরেন তাঁরা।
নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান সংগঠনের সদস্য সচিব সুব্রত চন্দ্র দে।এ বিষয়ে মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি।
সভায় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, ‘শারদীয় দুর্গোৎসব যেন সুন্দর পরিবেশে আনন্দমুখর ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। প্রশাসন সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার বলেন, ‘বিদ্যুৎ, রাস্তাঘাট সংস্কার ও অনুদান বৃদ্ধিসহ যেসব দাবি উঠেছে, সেগুলো নিয়ে জেলা প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি ভিত্তিতে আলোচনা করা হবে। আশা করছি, পূজা শুরুর আগেই এসব সমস্যার ইতিবাচক সমাধান হবে।’
সভায় জেলা সংগঠনের যুগ্ম আহ্বায়ক মহাদেব সাহা, প্রিয়তোষ সরকার, প্রদীপ রঞ্জন দে, মিঠুন পাল; শেরপুর শহর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি প্রবাল সূত্রধর, সাধারণ সম্পাদক তুষার ভৌমিক; সদর থানা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ভোলানাথ ঘোষ, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা লিপু ও প্রচার সম্পাদক দোলন চন্দ্র দেসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি শ্রী গোপাল সেন, নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শ্রী হরিদাস কর্মকার স্বপন, নকলা উপজেলা শাখার সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর, শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি শ্রী শম্ভু বাবুসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সভায় অংশগ্রহণ করেন।