নিজস্ব প্রতিবেদক : মেহেদী হাসান শামীম ||
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সীমান্তবর্তী খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মদ জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার ভোরে সীমান্তবর্তী ট্রেনাপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সদস্যরা দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান এবং কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।