নিজস্ব প্রতিবেদক : মেহেদী হাসান শামীম ||
শেরপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন কৃতি শিক্ষার্থীকে ‘এ প্লাস’ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখা। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে বই, কলম, চাবির রিং, ক্রেস্টসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল ও তুরস্কের অহি এবরান বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক মুস্তফা ফয়সাল পারভেজ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমান।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শেরপুর জেলা শাখার সভাপতি ফার্মাসিস্ট মাশহারুল ইসলাম মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা শাখার সেক্রেটারি ওমর ফারুক।
সভাপতির বক্তব্যে ফার্মাসিস্ট মাশহারুল ইসলাম মিল্লাত বলেন, সমাজকে সুন্দর ও কল্যাণমুখী করতে সততার কোনো বিকল্প নেই। দেশকে এগিয়ে নিতে মেধাবী ও যোগ্য প্রজন্মের ভূমিকা অপরিসীম। তাই একজন শিক্ষার্থীকে শুধু ভালো ফলাফলের দিকে নজর না দিয়ে জীবনের শুরু থেকেই সততা, দক্ষতা ও দেশপ্রেম- এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে নিজেকে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, জ্ঞান ও মেধার সঙ্গে সততা, দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয় ঘটাতে পারলেই একজন শিক্ষার্থী দেশ ও সমাজের জন্য দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।