নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
‘বৃক্ষ রোপণ সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির আওতায় ‘জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং কমিউনিটিভিত্তিক বনায়ন ও পুনঃবনায়ন’ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, ট্রেডক্রাফট এক্সচেঞ্জের কারিগরি সহযোগিতায় এবং রুরাল ডেভেলপমেন্ট সংস্থার (আরডিএস) বাস্তবায়নে SWABOL প্রকল্পের আওতায় কর্মসূচিটি আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। SWABOL প্রকল্পের জেলা সমন্বয়ক স্বপন স্কুর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ টি এম ফয়জুল রাজ্জাক আকন্দ ও মৎস্য কর্মকর্তা ইসমাত জাহান।
এ ছাড়া শ্রীবরদী উপজেলা কৃষি পণ্য উৎপাদক সমবায় সমিতির সভাপতি সবুর আহমেদ, সহসভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর হাসান দুলাল ও কোষাধ্যক্ষ একলাস উদ্দিন আহমেদসহ কমিটির ১১ সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ, কমিউনিটিভিত্তিক বনায়ন ও পুনঃবনায়নের গুরুত্ব তুলে ধরেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা বৃক্ষরোপণে অংশ নেন। পরে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০টি করে মোট ৪০০টি চারা বিতরণ করা হয়।
বিতরণ করা চারার মধ্যে ছিল আম, জাম, কাঁঠাল, অর্জুন, নিম ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় কমিউনিটির LFO সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা তৈরিতে এ কর্মসূচি ভূমিকা রাখবে।