নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
শেরপুরে নদী ও জলাশয়ে ড্রেজিং কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে ড্রেজিংয়ের মাধ্যমে উত্তোলিত মাটি বা ড্রেজড ম্যাটেরিয়াল যথাযথভাবে ব্যবস্থাপনা ও নিয়মিত মনিটরিং জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
সভায় জেলার বিভিন্ন নদী ও জলাশয়ে চলমান ও প্রস্তাবিত ড্রেজিং কার্যক্রম, ড্রেজড ম্যাটেরিয়ালের যথাযথ ব্যবস্থাপনা, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এ সময় ড্রেজিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব কমাতে কার্যকর ব্যবস্থাপনা গ্রহণ এবং নিয়মিত মনিটরিং আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।