নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
নিগার সুলতানা জ্যোতির অধিনায়কত্ব নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান ঘটিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ নারী দলকে নেতৃত্ব দেবেন জ্যোতিই।
এশিয়ান গেমসের মাঝপথে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর জ্যোতির ওয়ানডে নেতৃত্ব নিয়েও আলোচনা শুরু হয়েছিল। অস্ট্রেলিয়া সফরের আগে ওয়ানডেতে নতুন অধিনায়ক নিয়োগ দেওয়া হতে পারে—এমন গুঞ্জনও ছিল। তবে সোমবার বিসিবি কার্যালয়ে নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর বিষয়টি পরিষ্কার করেন নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।
বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন রফিকুল ইসলামও। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি আজ ঘোষণা করেছি, তুমি (জ্যোতি) অধিনায়ক থাকছ এবং অধিনায়ক হিসেবেই অস্ট্রেলিয়ায় যাবে।’
২০২১ সাল থেকে ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আসছেন নিগার সুলতানা জ্যোতি। এবারও তার নেতৃত্বেই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
সরোয়ার ইমরানের মন্তব্যে বিসিবির অসন্তোষ
এদিকে এশিয়ান গেমসে বাংলাদেশের ব্রোঞ্জ পদক হাতছাড়া হওয়ার পর কোচিং ও অধিনায়কত্বসহ বিভিন্ন বিষয় নিয়ে বিসিবির সমালোচনা করে মন্তব্য করেছিলেন নারী দলের সিনিয়র কোচ সরোয়ার ইমরান।
তার ওই মন্তব্যকে ‘অনভিপ্রেত’ এবং আচরণবিধির সীমা অতিক্রম করার মতো বলে মনে করছে বিসিবি। তবে এ ঘটনায় আপাতত তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন রফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘আমাদের কোচ কিছু অসতর্ক মন্তব্য করেছেন, যা কেউ শুনতে চায়নি। আমার মনে হয়, ওই মন্তব্যের মাধ্যমে তিনি আচরণবিধির কিছুটা সীমা অতিক্রম করেছেন। যেহেতু তিনি বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ, তাই এ ধরনের মন্তব্য করা তার উচিত নয়।’
সরোয়ার ইমরানের মন্তব্যকে দুঃখজনক উল্লেখ করে রফিকুল আরও বলেন, তিনি একজন অভিজ্ঞ কোচ এবং বিসিবির অধীনে কাজ করা সিনিয়র কোচদের একজন। তার কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত ছিল না।
রফিকুল বলেন, ‘তিনি অনেক অভিজ্ঞ একজন কোচ। আমরা তার কাছ থেকে এটা আশা করিনি। ক্রিকেট বোর্ডের অধীনে কাজ করা সিনিয়র কোচদের মধ্যে তিনিও একজন। তাই আমরা এটা আশা করিনি। আমি গণমাধ্যমেও বলেছি, তিনি ভুল করেছেন, গুরুতর ভুল করেছেন।’
তবে এখন পর্যন্ত সরোয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন নারী বিভাগের চেয়ারম্যান।