নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
কুমিল্লার চান্দিনায় ফল না কেনাকে কেন্দ্র করে এক নারী ক্রেতাকে হেনস্তা, গায়ে হাত তোলার চেষ্টা ও হিজাব ধরে টানাটানির অভিযোগ উঠেছে এক ফল বিক্রেতার বিরুদ্ধে।
অভিযোগকারী নারীর স্বামীর ভাষ্য, সম্প্রতি তাঁর স্ত্রী ও শাশুড়ি চান্দিনায় ফল কিনতে যান। বিভিন্ন দোকানে ফলের দাম জানতে জানতে একপর্যায়ে একটি দোকানে গেলে দোকানের এক ব্যক্তি তাঁদের অনুমতি ছাড়াই ফল মেপে ফেলেন বলে অভিযোগ।
পরে অন্য দোকান থেকে ফল কেনার কথা জানালে ওই ব্যক্তি তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে নারী ক্রেতার গায়ে হাত তোলার চেষ্টা এবং হিজাব ধরে টানাটানি করা হয় বলেও অভিযোগ করেন তাঁর স্বামী। তাঁকে অশালীন ভাষায় গালাগাল করার অভিযোগও রয়েছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তুলে ধরে সহযোগিতা চেয়েছেন ওই নারীর স্বামী। তিনি বলেন, তাঁরা কোনো সংঘাতে যেতে চান না; ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা চান।
স্থানীয় সচেতন মহল বলছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে সত্যতা যাচাই করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
এদিকে অভিযোগকারী নারী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত ফল বিক্রেতার বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।