নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
শেরপুরের নালিতাবাড়ীতে ফেসবুকে আপলোডের জন্য ভিডিও ধারণের সময় শাহীন মিয়া (৩৮) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
শাহীন মিয়া উপজেলার কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড় এলাকার বাসিন্দা। অভিযুক্তরা হলেন নন্নী ইউনিয়নের চেল্লাখালী ব্রিজপাড় এলাকার নুরুল মিয়া (৫২), মন্টু মিয়া (৩৫) ও ইসরাফিল (৫১)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নন্নী-বারোমারী সড়কের চেল্লাখালী নদীর ব্রিজের নিচে ভিডিও ধারণ করছিলেন শাহীন। এ সময় পূর্ববিরোধের জের ধরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা তাঁর সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন বের করে দিতে চাপ দেন। এতে রাজি না হওয়ায় তাঁকে গালিগালাজ ও মারধর করা হয়। একপর্যায়ে মারধরের কারণে শাহীন মাটিতে পড়ে গেলে তাঁর হাতে থাকা প্রায় ২২ হাজার ৫০০ টাকা মূল্যের একটি ইনফিনিক্স স্মার্টফোন নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন।
এ ঘটনায় শাহীন মিয়া নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘কনটেন্ট ক্রিয়েটর শাহীন মিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁর অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।