নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় বাংলাদেশকে পাঁচ লাখ NS1 র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। রোগী শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তার লক্ষ্যে মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত STRIDES কার্যক্রমের মাধ্যমে এসব কিট দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে কিটগুলো হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তৃষিতা মওলা।
কিট হস্তান্তরের পর এগুলো দ্রুত দেশের বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, যানজট ও যাতায়াতের সুবিধার কথা বিবেচনায় নিয়ে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে হস্তান্তর অনুষ্ঠান করা হয়েছে। তবে হস্তান্তর করা সব কিট সরাসরি কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) জমা হবে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে চাহিদা অনুযায়ী দেশের সব জেলা ও উপজেলা হাসপাতালে এসব কিট বিতরণ করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন পাওয়া পাঁচ লাখ কিটের পাশাপাশি সরকারি খাতেও বর্তমানে পর্যাপ্ত ডেঙ্গু অ্যান্টিজেন কিট ও আইভি স্যালাইন মজুদ রয়েছে। ফলে দেশের কোনো অঞ্চলে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেলেও প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে।
ডেঙ্গু ভ্যাকসিন নিয়ে সরকারের ভাবনা
বাংলাদেশে ডেঙ্গু ভ্যাকসিন চালুর বিষয়েও সরকারের চিন্তাভাবনা রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ভ্যাকসিনের ব্যয় বেশি হওয়ায় এর কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক নির্দেশিকা অনুসরণ করেই ভ্যাকসিন চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান, কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমানসহ মার্কিন দূতাবাস ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে স্বাস্থ্যমন্ত্রী ও মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ও রোগনির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করেন।