শেরপুর জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টা থেকে জেলা শহরের নিউমার্কেটে শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের কার্যালয়ের নির্ধারিত কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।।
ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে ইউনিয়নের ৩৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। মোট ১১টি পদের মধ্যে চারটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। বাকি সাতটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে চার সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি দায়িত্ব পালন করছে। কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট শিবলু চন্দ্র দাস, সাংবাদিক মো. মারুফুর রহমান ফকির এবং বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল মিয়া।
নির্বাচন পরিচালনায় সহযোগিতা করছেন শেরপুর জেলা বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার, সিনিয়র সহ-সভাপতি ও দর্জি শ্রমিক ইউনিয়নের সদস্যসচিব মো. রমজান আলী, সহ-সভাপতি বাদশা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাজন চন্দ্র সাহাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সকাল থেকেই নির্ধারিত কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা সারিবদ্ধভাবে কেন্দ্রে প্রবেশ করে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। নির্বাচনকে ঘিরে কেন্দ্র ও আশপাশের এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
ভোটগ্রহণ শেষে নিয়ম অনুযায়ী ভোট গণনা করা হবে। গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
মন্তব্য করুন