শেরপুরের নকলা উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নদীভাঙনের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পরে উপজেলার একটি পুনঃখননকৃত খালে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
শুক্রবার (২ অক্টোবর) উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের রেহাই অষ্টধর গ্রামে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি নদীভাঙনের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে পাঠাকাটা ইউনিয়নের সদ্য পুনঃখননকৃত একটি খালে মাছের পোনা অবমুক্ত করেন তিনি। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদের উন্নয়ন এবং মৎস্যজীবীদের জীবিকার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত ধর, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক ও মৎস্যজীবী প্রতিনিধিরা।
এ ছাড়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা সরেজমিনে চিহ্নিত করা, স্থানীয় মানুষের কথা শোনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের মাধ্যমে জনসেবা আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন