নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
খেলাধুলার প্রসার ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে তরুণ সমাজকে সুসংগঠিত করে সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
শুক্রবার (৩ অক্টোবর) দিনাজপুর সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর রংপুর বিভাগীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ তৈরি করে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশ গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খেলাধুলার উন্নয়ন, খাল খনন ও বৃক্ষরোপণের মতো বিভিন্ন কর্মসূচি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। এসব কর্মসূচির বাস্তবায়ন গত সাত মাসে শুরু হয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ক্রীড়া খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
ক্রীড়াবিদদের পেশাগত স্বীকৃতির বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ৩০০ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতা দেওয়া হয়েছে। চলতি মাসের শেষ নাগাদ আরও খেলোয়াড় ও কোচকে এ কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে নির্বাচিত ৩০৬ জন উদীয়মান ও প্রতিভাবান অ্যাথলেট বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) উন্নত প্রশিক্ষণ নিচ্ছেন।
সারাদেশে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠার পাশাপাশি প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি। স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার ও নতুন প্রতিভা অন্বেষণে দিনাজপুর বিকেএসপিকে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
যুব সমাজের কর্মসংস্থান ও স্বাবলম্বিতার প্রসঙ্গে আমিনুল হক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বর্তমানে ৮৩টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে তরুণদের দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ছয় মাসে ফ্রিল্যান্সিং খাত থেকে ৩৪ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের ‘EARN’ প্রকল্পের মাধ্যমে দেশের ৯ লাখ যুবক ও যুব নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে। দিনাজপুরের ১০টি উপজেলায় প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
রাজনীতিতে প্রতিহিংসা পরিহারের আহ্বান জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিভেদ ভুলে দল-মত নির্বিশেষে সবাইকে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে। খেলাধুলার সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।