খুলনার দিঘলিয়ায় বাড়ির সামনে চা খেতে বেরিয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মো. নাসিমুল গণি ওরফে নাসিম (৪৫)।
রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরমাইশখানা এলাকায় নিজ বাড়ির সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত নাসিম ওই এলাকার মৃত আ. গফুরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সামনে চা খেতে বের হয়েছিলেন নাসিম। এ সময় একটি ভ্যানে করে দুই ব্যক্তি সেখানে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
গুলিবিদ্ধ নাসিমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সানোয়ার হুসাইন মাসুম জানান, বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
তবে কী কারণে এবং কারা নাসিমকে গুলি করে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।
মন্তব্য করুন