নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
হাদিসে বর্ণিত হয়েছে, হজরত হাসান ও হুসাইনকে (রা.) বদনজর ও অন্যান্য অনিষ্ট থেকে সুরক্ষার জন্য নবীজি (সা.) একটি বিশেষ দোয়া পড়ে ঝাড়ফুঁক করতেন।
দোয়াটি হলো—
আরবি:
أُعِيْذُكُمَا بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَّهَامَّةٍ وَّمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ
উচ্চারণ: উয়িযুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন।
অর্থ: সকল শয়তান, ক্ষতিকর প্রাণী ও বদনজর থেকে তোমাদের আল্লাহর পূর্ণাঙ্গ কালেমাসমূহের আশ্রয়ে দিচ্ছি।
বদনজরের প্রভাব সম্পর্কে নবীজি (সা.) বলেছেন, ‘তোমরা বদনজরের প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর। কেননা নজরের প্রভাব সত্য।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৫০৮)
পবিত্র কোরআনেও বদনজরের প্রসঙ্গ এসেছে। সুরা কলমের ৫১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘কাফেররা যখন উপদেশবাণী শোনে, তখন তারা যেন তাদের দৃষ্টির মাধ্যমে তোমাকে আছড়ে ফেলবে। আর তারা বলে, এ তো এক পাগল।’
আল্লামা ইবনে কাসির (রহ.) তাঁর তাফসিরে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর বর্ণনার সূত্রে এ আয়াতের ব্যাখ্যায় বদনজরের প্রসঙ্গ উল্লেখ করেছেন।
বদনজর ও অনিষ্ট থেকে সুরক্ষা এবং অসুস্থ ব্যক্তির আরোগ্য কামনায় আরেকটি দোয়া হাদিসে বর্ণিত হয়েছে।
হজরত আবু সাঈদ (রা.) থেকে বর্ণিত, একবার নবীজি (সা.) অসুস্থ হলে জিবরাইল (আ.) তাঁর কাছে এসে অসুস্থতার কথা জানতে চান। এরপর তিনি নবীজি (সা.)-এর জন্য একটি দোয়া পড়েন।
দোয়াটি হলো—
আরবি:
بِاسْمِ اللهِ أَرْقِيكَ، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللهُ يَشْفِيكَ بِاسْمِ اللهِ أَرْقِيكَ.
উচ্চারণ: বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইয়িন ইউজিকা মিন শাররি কুল্লি নাফসিন আউ আইনিন হাসিদিন, আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা।
অর্থ: আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি। যেসব বিষয় আপনাকে কষ্ট দেয়, প্রত্যেক প্রাণের অনিষ্ট এবং হিংসুকের বদনজর থেকে আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন। আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি।
(সহিহ মুসলিম, হাদিস: ২১৮৬)
ইসলামি শিক্ষায় অসুস্থতা ও অনিষ্ট থেকে সুরক্ষা পেতে আল্লাহর কাছে দোয়া করার গুরুত্ব রয়েছে। তাই বদনজর থেকে বাঁচতে এবং অসুস্থ ব্যক্তির সুস্থতা কামনায় হাদিসে বর্ণিত এসব দোয়া পড়া যেতে পারে। বিশেষ করে শিশুদের জন্য নবীজি (সা.)-এর শেখানো দোয়াটি আমল করার শিক্ষা রয়েছে।