নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
ইসলাম শিক্ষকের এই মর্যাদাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে।’ (সুনানে ইবনে মাজাহ : ২২৯)
ইসলামী দৃষ্টিতে জ্ঞান দানের মূল উৎস মহান আল্লাহ। তিনি মানুষকে জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দিয়েছেন এবং নবী-রাসুলদের মাধ্যমে সত্য ও কল্যাণের পথ দেখিয়েছেন। পবিত্র কোরআনে এসেছে, ‘আল্লাহকে ভয় করতে থাক। আল্লাহ তোমাদের শিক্ষা দান করেন এবং আল্লাহ সব বিষয় সম্পর্কে সম্যক অবগত।’ (সুরা বাকারা : ২৮২)
মানুষকে শিক্ষা দেওয়া ছিল নবী-রাসুলদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। একজন আদর্শ শিক্ষক সেই দায়িত্বেরই ধারাবাহিকতা রক্ষা করেন। মহান আল্লাহ বলেন, ‘আমি তোমাদের মাঝে তোমাদেরই মধ্য থেকে একজন রাসুল পাঠিয়েছি; যিনি তোমাদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করেন, তোমাদের পরিশুদ্ধ করেন এবং তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন।’ (সুরা বাকারা : ১৫১)
ইসলামে জ্ঞান অর্জন ও জ্ঞান বিতরণের গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।’ (সহিহ বুখারি : ৫০২৭)
এই হাদিস থেকে বোঝা যায়, জ্ঞান অর্জনের পাশাপাশি তা অন্যের কাছে পৌঁছে দেওয়াও অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। একজন শিক্ষক প্রতিদিন অসংখ্য শিক্ষার্থীর মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেন।
মানুষের কল্যাণে জ্ঞান শিক্ষা দেওয়া ব্যক্তির জন্য সৃষ্টিকুলের দোয়ার কথা হাদিসে এসেছে। আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ, তাঁর ফেরেশতারা এবং আসমান-জমিনের সব সৃষ্টি—এমনকি গর্তের পিঁপড়া ও সমুদ্রের মাছ পর্যন্ত—মানুষকে কল্যাণকর বিষয় শিক্ষা দানকারীর জন্য দোয়া করে। (সুনানে তিরমিজি : ২৬৭৫)
রাসুলুল্লাহ (সা.) জ্ঞান সংরক্ষণ ও তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারে উৎসাহ দিয়েছেন। তিনি দোয়া করে বলেছেন, ‘আল্লাহ ওই ব্যক্তিকে তরতাজা রাখুন, যে আমার কোনো কথা শুনেছে, তা স্মরণ রেখেছে এবং যেভাবে শুনেছে সেভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছে।’ (সুনানে আবু দাউদ : ৩৬৬)
একজন শিক্ষকও জ্ঞানকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম। তাঁর শেখানো একটি ভালো কথা, নৈতিক শিক্ষা কিংবা অর্জিত জ্ঞান শিক্ষার্থীর জীবনে দীর্ঘদিন প্রভাব ফেলতে পারে।
শিক্ষকতার সবচেয়ে বড় দিকগুলোর একটি হলো—এর সুফল মৃত্যুর পরও অব্যাহত থাকতে পারে। কোনো শিক্ষক যদি সঠিক জ্ঞান ও নৈতিক শিক্ষা দিয়ে আদর্শ মানুষ গড়ে তুলতে পারেন, তাহলে তাঁর শেখানো জ্ঞান অন্যের উপকারে আসার মাধ্যমে সওয়াবের কারণ হতে পারে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ যখন মারা যায়, তখন তার তিনটি আমল ছাড়া সব আমল বন্ধ হয়ে যায়—সদকায়ে জারিয়া, এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয় এবং এমন নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।’ (সুনানে আবু দাউদ : ২৮৮)
তাই শিক্ষকতা শুধু একটি পেশা নয়; এটি একটি মহান দায়িত্ব। একজন আদর্শ শিক্ষক জ্ঞান দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীর মধ্যে সততা, মানবিকতা, ন্যায়বোধ ও দায়িত্বশীলতার চর্চা তৈরি করেন। তাঁর হাতে গড়ে ওঠে আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব।
মহান আল্লাহ আমাদের শিক্ষকদের যথাযথ সম্মান করার এবং প্রত্যেক শিক্ষককে জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার আলো ছড়িয়ে দেওয়ার তাওফিক দান করুন। আমিন।