নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
সিরাজগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের দুদিন পর মো. শাহাদত হোসেন (৩৮) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ছোনগাছা ইউনিয়নের বলিদহ এলাকার একটি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহাদত হোসেন সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চিলগাছা গ্রামের বাসিন্দা। তিনি খোকশাবাড়ী গ্রামে শ্বশুরবাড়ির এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন শাহাদত। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে শনিবার পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
রবিবার বিকেলে ছোনগাছা কারিগরি ইনস্টিটিউটের পাশে বলিদহ এলাকার একটি ফাঁকা মাঠের ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাহাদতকে শ্বাসরোধে হত্যার পর তাঁর অটোরিকশাটি নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে।