‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, আদর্শ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় করণীয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক, স্থানীয় সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন