নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হওয়া র্যালিটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখা এবং তাঁদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।
আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রউফ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যাপক মাসুদুজ্জামান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলাম এবং নন-এমপিও শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিমসহ অনেকে।
সভায় শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন রাখার পাশাপাশি তাঁদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
মন্তব্য করুন