নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
ঢাকার আশুলিয়ায় ৩৪ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ১৩৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪। গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের বগাবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. শাহিন আলম (২৩) ও মো. বাবুল (৩২)।
এসআরবি-৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগাবাড়ী বাজার এলাকায় বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে বলে জানতে পারে আভিযানিক দল। পরে এসআরবি-৪, সিপিসি-২-এর একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানে শাহিন আলম ও বাবুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে এসআরবি-৪।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে মজুদ এবং পরে আশুলিয়া, সাভার, ধামরাইসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৪।