শেরপুরের গারো পাহাড় এলাকায় সীমান্ত সড়কের প্রায় এক কিলোমিটারজুড়ে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন বিএনপির নেতাকর্মীরা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর আগমন উপলক্ষে শনিবার (১০ অক্টোবর) সকালে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্ক মাঠে এই শোডাউন অনুষ্ঠিত হয়।
শোডাউনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরীর পক্ষের নেতাকর্মীদের পাশাপাশি নালিতাবাড়ী উপজেলায় আগামী ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের সমর্থকেরাও অংশ নেন। এ সময় বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর নামেও স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের।
শোডাউন চলাকালে সীমান্ত সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয় লোকজন মোটরসাইকেলের বহর এবং নেতাদের নামে দেওয়া স্লোগান প্রত্যক্ষ করেন।
এ সময় উপস্থিত কয়েকজনের মধ্যে শোডাউনটি নিয়ে আলোচনা হয়। তাঁদের কেউ কেউ প্রশ্ন তোলেন, এটি কি মন্ত্রীর আগমন উপলক্ষে শুভেচ্ছা জানাতে আয়োজিত শোডাউন, নাকি স্থানীয় বিএনপির নেতাদের আগাম নির্বাচনী প্রচারের বহিঃপ্রকাশ?
মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আয়োজিত এই শোডাউনে সম্ভাব্য নির্বাচনী প্রার্থীদের নামে স্লোগান দেওয়ার বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়।
মন্তব্য করুন