নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
শেরপুরে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অভিযান জোরদার, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
রোববার (১১ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষ মহারশীতে অক্টোবর মাসের এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
সভায় শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, জেলা সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক, পাবলিক প্রসিকিউটর, জেলা আইনজীবী সমিতির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার এবং জনগণের নিরাপত্তা ও সরকারি সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষ সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।