Advertisement
রবিবার, 11 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই, ফিরল গাড়ি মিলল না ব্যাটারি

অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই, ফিরল গাড়ি মিলল না ব্যাটারি
News Banner

শেরপুরের নালিতাবাড়ীতে চালককে অজ্ঞান করে ছিনতাই করা অটোরিকশা এক দিন পর ফিরে পেয়েছেন মালিক। তবে গাড়ির পাঁচটি ব্যাটারি খুলে নিয়ে গেছে ছিনতাইকারীরা। ব্যাটারিগুলো কিনতে নতুন করে ৮০ থেকে ৯০ হাজার টাকা খরচ হবে বলে জানিয়েছেন ভুক্তভোগী মালিক মো. ইয়াকুব আলী (৪৫)।

রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে অটোরিকশাটি উদ্ধার করে নিজের বলে শনাক্তের পর বুঝে নেন ইয়াকুব আলী। এর আগে শনিবার দুপুরে পৌরশহরের গড়কান্দা মহল্লায় হাবুল দত্তের রাইস মিলের পাশে নালিতাবাড়ী-নয়াবিল মহাসড়কের কাছ থেকে অটোরিকশাটি ছিনতাই করা হয়।

ইয়াকুব আলী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের শেকেরকুড়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, শনিবার দুপুরে পৌরশহরের হাসপাতাল মোড় থেকে নয়াবিল যাওয়ার কথা বলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁর অটোরিকশায় ওঠেন। গাড়িটি গড়কান্দা মহল্লার হাবুল দত্তের রাইস মিলের পাশে পৌঁছালে ওই ব্যক্তি তাঁর নাকের কাছে একটি গামছা চেপে ধরেন। এতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এই সুযোগে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান ওই ব্যক্তি।

প্রায় ২০ মিনিট পর জ্ঞান ফিরে পেয়ে অটোরিকশাটি খুঁজতে থাকেন ইয়াকুব। কিন্তু কোথাও গাড়িটির সন্ধান না পেয়ে সেটি ফিরে পেতে ‘নালিতাবাড়ী হেল্পলাইন’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট দেন তিনি।

পোস্ট দেওয়ার পর ছিনতাইকারীরা অটোরিকশার ১২ ভোল্টের পাঁচটি ব্যাটারি খুলে নিয়ে যায়। পরে গাড়িটি শহরের অদূরে কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফেলে রাখা হয়। একপর্যায়ে স্থানীয়রা সেখানে অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। পরে রোববার দুপুরে ইয়াকুব সেখানে গিয়ে নিজের গাড়ি শনাক্ত করে বুঝে নেন।

ইয়াকুব আলী বলেন, অটোরিকশার পাঁচটি ব্যাটারিই নিয়ে গেছে ছিনতাইকারীরা। গাড়িটি চালু করতে নতুন ব্যাটারি লাগাতে হবে। এতে প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা খরচ হবে, যা তাঁর জন্য বহন করা খুবই কষ্টসাধ্য।

অটোরিকশাটি ফিরে পেলেও ব্যাটারি হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন ইয়াকুব। জীবিকা নির্বাহের বাহনটি আবার সচল করতে এখন তাঁকে নতুন ব্যাটারি কেনার টাকা জোগাড় করতে হবে। এ অবস্থায় অটোরিকশাচালকদের অপরিচিত যাত্রী নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

এই সংবাদটি পঠিত হয়েছে: 46 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 391 টি

মন্তব্য করুন