নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে উদযাপনে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সম্ভাব্য বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন এবং প্রয়োজন অনুযায়ী বিজিবির সহায়তা নিতে হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংসদ সদস্যদের প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
সভায় মন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা কমিটির সভা শুধু পরিস্থিতি পর্যালোচনায় সীমাবদ্ধ রাখলে চলবে না। সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে এবং পরবর্তী সভার আগেই অন্তত কয়েকটি কাজের দৃশ্যমান অগ্রগতি তুলে ধরতে হবে।
ময়মনসিংহের উন্নয়নে জনপ্রতিনিধি, প্রশাসন ও জনগণের মধ্যে কার্যকর সমন্বয়ের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে জেলার অগ্রগতি ত্বরান্বিত করতে হবে।
তিনি আরও বলেন, মাদকদ্রব্য নির্মূলে সরকারের শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে নেওয়া পদক্ষেপের প্রতিবেদন দিতে হবে। পাশাপাশি জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আগামী বছর শুরু হবে উন্নয়নকাজ
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ময়মনসিংহের উন্নয়নে সংসদ সদস্য ও সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাস্তাঘাটের উন্নয়ন, খাদ্যগুদাম নির্মাণ, নদীভাঙন রোধ এবং সরকারি ভবন নির্মাণ ও সংস্কার। জেলা প্রশাসকের কার্যালয়ের ভবন সংস্কারের পাশাপাশি পাশে নতুন ভবন নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ময়মনসিংহের প্রয়োজনীয় উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নে কাজ চলছে। এ ক্ষেত্রে সংসদ সদস্যরাও সহযোগিতা করছেন। আগামী বছর থেকে এসব উন্নয়নকাজ শুরু হবে এবং পর্যায়ক্রমে এর সুফল দৃশ্যমান হবে।
উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে মন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা হবে। এ বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সংসদ সদস্যরাও উন্নয়নকাজে নজরদারি রাখবেন।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এ ছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।