কুমিল্লার দাউদকান্দিতে সকালে হাঁটতে বেরিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হরিপুর মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৬২) ও তাঁর স্ত্রী ঝরনা বেগম (৪৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে সকালে প্রাতঃভ্রমণে বের হন নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী ঝরনা বেগম। হাঁটার একপর্যায়ে তাঁরা মহাসড়কের হরিপুর মসজিদ এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তাঁরা সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাঁদের রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকতে দেখেন। পরে তাঁদের উদ্ধার করে দাউদকান্দির গৌরীপুরে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আইনি প্রক্রিয়া শেষে নিহত দম্পতির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত যানবাহনের চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত ও চালককে আটক করতে মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
মন্তব্য করুন