নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
ঢাকার সাভারে গোপনে বাংলা মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক চীনা নাগরিক ও এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় কারখানা থেকে ১৫ লিটার বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার গ্রিন টাওয়ারের চতুর্থ তলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চীনা নাগরিক লি ডাম্পে (৫৩) ও বাংলাদেশি নারী চম্পা বেগম (৩৫)।
পুলিশ জানায়, গোপনে বাংলা মদ তৈরির খবর পেয়ে হেমায়েতপুর পূর্বহাটি এলাকার গ্রিন টাওয়ারের চতুর্থ তলায় অভিযান চালানো হয়।এ সময় সেখান থেকে ১৫ লিটার বাংলা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে ঘটনাস্থল থেকে এক চীনা নাগরিক ও এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ জানান, মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার বাংলা মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন চীনা নাগরিক। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হচ্ছে।