নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
শেরপুরের নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নকলা পৌরসভার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে নকলা পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নকলা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপি নেতা জাহিদুল ইসলাম, জামায়াতের উপজেলা ভারপ্রাপ্ত আমির শরিফুল ইসলাম, আব্দুল করিম হেলথকেয়ার সেন্টারের চিকিৎসক ডা. রিফাত হাসান এবং চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক লিটনসহ অন্যরা।
‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ!’—এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপদ স্যানিটেশন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, সুস্থ থাকতে ব্যক্তিগত পরিচ্ছন্নতার বিকল্প নেই। বিশেষ করে খাবার গ্রহণের আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন হতে হবে।
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) বাবুল হোসেন, হিসাবরক্ষক ফেরদৌসুর রহমান, সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেন, সুপারভাইজার ফজলে রাব্বী রাজনসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সাংবাদিক শফিউল আলম লাভলু, জাহাঙ্গীর হোসেন আহমেদ, শফিউজ্জামান রানা ও আরিফুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।