সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের (প্লেস) সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা ও প্রতিভা তুলে ধরে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় শেরপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে ‘সুরে, নৃত্যে, আবৃত্তিতে—শিল্পের ছোঁয়ায় আমাদের প্রাণের মিলনমেলা’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুনাকের সভানেত্রী সাদিয়া রহমান। সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার ও প্লেসের সভাপতি একেএম জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্লেসের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। তাদের পরিবেশনা উপভোগ করেন অতিথি, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা। এ সময় শিক্ষার্থীদের প্রতিভা ও সৃজনশীলতার প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, শিক্ষার পাশাপাশি শিশু-কিশোরদের সৃজনশীলতা, নান্দনিক বোধ ও মানবিক মূল্যবোধ বিকাশে সুস্থ সংস্কৃতিচর্চা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে নিয়মিত সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধান অতিথি সাদিয়া রহমান শিক্ষার্থীদের পরিবেশনার প্রশংসা করেন। পাশাপাশি তাদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও প্লেসের পরিচালক মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, প্লেসের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
মন্তব্য করুন