শেরপুর সদর উপজেলার কানাশাখোলা বাজারে টিনের চালা কেটে পাশাপাশি দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাতে ভাতশালা ইউনিয়নের ভীমগঞ্জ সড়কে আয়াত ইলেকট্রনিক ও লিয়াকত জুয়েলার্সে এ চুরি হয়। এ সময় নগদ টাকা, এক ভরি পাঁচ আনা স্বর্ণ, ১৩০ ভরি রুপা ও সিসিটিভি ক্যামেরার ডিভাইস চুরি হয়েছে বলে জানিয়েছেন দোকানমালিকেরা।
আয়াত ইলেকট্রনিকের মালিক মো. আব্দুর রহিম রনি জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। শুক্রবার সকালে দোকান খুলে পেছনের দিকে গিয়ে টিনের চালা ও সিলিং কাটা দেখতে পান। পরে দোকানের ভেতরে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান তিনি। ক্যাশ খুলে দেখেন, নগদ টাকা ও সিসিটিভি ক্যামেরার ডিভাইস চুরি হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি।
অন্যদিকে, লিয়াকত জুয়েলার্সের মালিকের ছেলে লিটন জানান, প্রতিদিনের মতো তাঁর বাবা রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে দোকানে চুরির খবর পান তাঁরা। দোকান থেকে এক ভরি পাঁচ আনা স্বর্ণ ও ১৩০ ভরি রুপা চুরি হয়েছে।
লিটন বলেন, ‘রাতে পাহারাদার থাকা অবস্থায়ও যদি এভাবে চুরি হয়, তাহলে সাধারণ ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? আমরা দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম রাজু জানান, সকালে বাজারের দুটি দোকানে চুরির খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে পাশাপাশি অবস্থিত দোকান দুটির টিনের চালা কাটা দেখতে পান। পরে পুলিশকে খবর দেন তিনি।
খবর পেয়ে শুক্রবার সকাল ১১টার দিকে শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এসআই আরিফ হাসান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন