নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের কাছ থেকে আট বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২২ হাজার টাকা।
শুক্রবার (১৬ অক্টোবর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ধোবাউড়া উপজেলার ভূইয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন ধোবাউড়া উপজেলার ভূইয়াপাড়া গ্রামের মো. শামীম মিয়া (২১) ও জিগাতলা গ্রামের মো. রাসেল মিয়া (২২)।
৩৯ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ধোবাউড়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দ করা ভারতীয় মদ ও মোটরসাইকেলসহ তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।