শেরপুরের নকলায় মাজার ভাঙচুর ও দানবাক্সের টাকা নিয়ে যাওয়ার অভিযোগে মো. আসাদুজ্জামান কেনু (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আসাদুজ্জামান কেনু ওই এলাকার মৃত ইলাহী বক্সের ছেলে।
মামলার বাদী মো. আবু হানিফার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, জমির ভাগ-বাঁটোয়ারাসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আবু হানিফার সঙ্গে আসাদুজ্জামান কেনুসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার বেলা আনুমানিক ২টার দিকে আবু হানিফার বসতবাড়ির পশ্চিম পাশে অবস্থিত তাঁর দাদা আরফুজ লেংটার মাজারে ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, আসাদুজ্জামান কেনুসহ ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে মাজারে প্রবেশ করে ইটের দেয়াল, টিনের চাল ও পাকা মেঝে ভাঙচুর করেন। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী। এ ছাড়া মাজারে থাকা স্টিল ও বাঁশের তৈরি দানবাক্স ভেঙে টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় আবু হানিফা বাদী হয়ে আসাদুজ্জামান কেনুসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে নকলা থানায় মামলা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, মাজার ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।
তবে অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন