Advertisement
সোমবার, 19 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

পরিবেশ সুরক্ষায় দেশসেরা, বৃক্ষরোপণে নবম শেরপুরের প্রকৃতি ও জীবন ক্লাব

পরিবেশ সুরক্ষায় দেশসেরা, বৃক্ষরোপণে নবম শেরপুরের প্রকৃতি ও জীবন ক্লাব
News Banner

প্রাণ-প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় বছরব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার স্বীকৃতি হিসেবে দেশসেরা ক্লাবের সম্মাননা পেয়েছে শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব।পাশাপাশি ২০২৬ সালের বৃক্ষরোপণ কর্মসূচিতে সারা দেশের ক্লাবগুলোর মধ্যে নবম স্থান অর্জন করেছে সংগঠনটি।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনের ছাদে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ‘সবুজে সাজাই বাংলাদেশ’ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর পুরস্কার বিতরণ ও মহাসম্মেলনে এ স্বীকৃতি দেওয়া হয়।

অনুষ্ঠানে শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি আব্দুল কাদিরের হাতে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু।

বৃক্ষরোপণ কর্মসূচিতে নবম স্থান অর্জন করায় ক্লাবটিকে সম্মাননা স্মারক, সনদপত্র ও ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া বন্যহাতি সংরক্ষণে পাহাড়ি জনপদে সভা-সমাবেশ এবং প্রাণ-প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় বছরব্যাপী সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনার স্বীকৃতি হিসেবে দেশসেরা ক্লাবের সম্মাননা, সনদপত্র ও পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে পরিবেশ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ অধ্যাপক ড. মনিরুল এইচ খান, অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. জসিম উদ্দিন, ড. ইশতিয়াক সোবহান, সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমদ এবং ইস্টার্ন ইন্স্যুরেন্সের এসইভিপি মো. আব্দুস সালামসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্বীকৃতি কাজের গতি বাড়াবে

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি আব্দুল কাদির বলেন, যেকোনো কাজের স্বীকৃতি আনন্দের। একই সঙ্গে পুরস্কার কাজের গতি আরও বাড়িয়ে দেয়। এ স্বীকৃতির জন্য তিনি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ‘বন্যহাতি আমাদের গারো পাহাড়ের ফ্ল্যাগশিপ প্রাণী। এটি সংরক্ষণ করতে হবে। পাহাড়ি জনপদে হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করতে হবে। এ জন্য আমাদের প্রচেষ্টা ও কার্যক্রম আরও জোরদার করা হবে।’

আব্দুল কাদির আরও বলেন, প্রাণ-প্রকৃতি, পরিবেশ, বন্যপ্রাণী, পাখি ও জীববৈচিত্র্য সুরক্ষায় কার্যকর উদ্যোগের পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচি আরও বেগবান করা হবে।

বিভিন্ন সংগঠনের অভিনন্দন

শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব দেশসেরা ক্লাবের স্বীকৃতি এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে সেরা দশে স্থান অর্জন করায় সংগঠনটিকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা।

অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদের সভাপতি সুশীল মালাকার, উদীচী জেলা সংসদের সাবেক সভাপতি তপন সারোয়ার, জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির সভাপতি সুজয় মালাকার ও সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীদ, কবি জ্যোতি পোদ্দার, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদিকা আইরীন পারভীন, ওয়েব ডেভেলপার মিনহাজ উদ্দিন, আদিবাসী নেতা যুগল কিশোর কোচ ও সুমন্ত বর্মনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।

এই সংবাদটি পঠিত হয়েছে: 48 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 475 টি

মন্তব্য করুন