নিজস্ব প্রতিবেদক : মেহেদী হাসান শামীম ||
শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। শনিবার (১৮ অক্টোবর) রাতে শেরপুর পৌর শহরের মাধবপুর মহল্লার মাধবপুর ক্লাব মন্দিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। একই সঙ্গে এটি বাঙালি সমাজের দীর্ঘদিনের সামাজিক ঐতিহ্যের অংশ। এ উৎসব আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপন করতে হবে। প্রত্যেককে অন্যের ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রতি সম্মান দেখাতে হবে, যাতে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট থাকে।
তিনি আরও বলেন, কেউ সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালালে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় বিভাগীয় কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি জিতেন্দ্র চন্দ্রসহ মন্দিরে উপস্থিত ভক্তরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহম্মেদ, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) ছাইফুল ইসলাম কমল, পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, রাজনৈতিক ব্যক্তিত্ব আবু রায়হান রুপম, ছাইফুল ইসলাম মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।