নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে চলমান মামলার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলো। এ মামলার মধ্য দিয়ে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের পথ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছে সংস্থাটি।
ইরাকের বাগদাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ৫২তম অধিবেশনের পার্শ্ববৈঠকে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে ওআইসির মন্ত্রী পর্যায়ের অ্যাড-হক কমিটির ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা ও কমিটির সহসভাপতি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোকে সম্মিলিত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
রোহিঙ্গা সংকটকে মুসলিম উম্মাহর জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সংকটের স্থায়ী সমাধানে মানবিক সহায়তার পাশাপাশি আইনি উদ্যোগের প্রতিও সম্মিলিত সমর্থন প্রয়োজন। এ ক্ষেত্রে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে সদস্য রাষ্ট্রগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বক্তব্যে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ দফা কর্মপরিকল্পনার বিষয়টিও তুলে ধরেন হুমাইউন কবির। তিনি রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে আইনি কাঠামোর আওতায় জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর এ সমর্থন রোহিঙ্গা সংকটের ন্যায়বিচারভিত্তিক ও স্থায়ী সমাধানের প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।