শেরপুরের আলোচিত বৃদ্ধ সাজু শেখের (৮০) স্ত্রী নূরজাহান বেগম মারা গেছেন। রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। পরে বিকেল ৫টার দিকে বাড়ির আঙিনায় তাঁকে দাফন করা হয়।
নূরজাহান বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মিয়া। তিনি বলেন, ‘তিনি আমার ওয়ার্ডের একজন বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন অসুস্থতার কারণে বিছানায় পড়ে ছিলেন। আজ সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।’
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যাওয়ার পর থেকে শয্যাশায়ী ছিলেন নূরজাহান বেগম। অর্থাভাবে তাঁর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা কঠিন হয়ে পড়েছিল। দীর্ঘ ৬৫ বছরের দাম্পত্য জীবনে অভাব-অনটন ও অসুস্থতার মধ্যেও একসঙ্গে জীবন কাটিয়েছেন সাজু শেখ ও নূরজাহান বেগম।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শয্যাশায়ী স্ত্রীকে কোলে নিয়ে খাবারের জন্য আকুতি জানাতে দেখা যায় সাজু শেখকে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে আলোচনায় আসে অসহায় এই দম্পতির জীবনসংগ্রাম। পরে বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে তাঁদের খোঁজখবর নেওয়া হয় এবং সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
মন্তব্য করুন