Advertisement
সোমবার, 19 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

নকলায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নকলায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
News Banner

শেরপুরের নকলায় চার ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১৯ অক্টোবর) উপজেলার ৭ নম্বর টালকী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কামানিরপাড় গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মো. নুর ইসলাম, মো. ফারুক, মিন্টু মিয়া ও মো. স্বপন মিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করেন অংশগ্রহণকারীরা। তাঁরা মামলার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে মো. সেলিম আজাদ নুর ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলার কারণে তাঁরা সামাজিক ও মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সেলিম আজাদের বক্তব্য জানা যায়নি।

মানববন্ধনে নুর ইসলাম বলেন, তিনি টালকী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৩ সালে তাঁকে বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকতে হয়েছিল বলে দাবি করেন তিনি। এ ছাড়া টালকী কাজারী বাজারে তাঁর দুটি দোকানঘর ভেঙে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন।

নুর ইসলাম আরও বলেন, সেলিম আজাদের বাড়ির পাশে তাঁর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁকে ওই জমিতে যেতে দেওয়া হচ্ছে না এবং জমির ফসল ঘরে তুলতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি। এর মধ্যে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও দাবি করেন নুর ইসলাম।

তিনি বলেন, ‘আমি শেরপুরবাসী ও নকলা উপজেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আবেদন জানাই, ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে আমরা যেন ন্যায়বিচার পাই।’

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, জমি বা ব্যক্তিগত বিরোধের জেরে কেউ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা প্রয়োজন। অভিযোগের সত্যতা যাচাই করে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন তাঁরা।

মানববন্ধন থেকে মামলাটির নিরপেক্ষ তদন্ত, অভিযোগের সত্যতা যাচাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 54 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 475 টি

মন্তব্য করুন