শ্রেণিকক্ষের বাইরে প্রকৃতির সান্নিধ্যে পাঠদান ও পাহাড়ি অঞ্চলের জীবন-সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার ব্যতিক্রমী আয়োজন করেছে শেরপুরের রোজবাড একাডেমি।
গত (১৯ অক্টোবর) সোমবার ‘প্রকৃতির কোলে পাঠশালা’ প্রতিপাদ্যে গারো পাহাড়ের হাড়িয়াকোনা গ্রামে দিনব্যাপী এ আউটডোর ক্লাস অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা পাহাড়ি অঞ্চলের ভূপ্রকৃতি, ভৌগোলিক বৈচিত্র্য ও নৃগোষ্ঠীর জীবনধারা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পায়।
আউটডোর ক্লাসে বাংলাদেশের ভূপ্রকৃতির গঠন ও বিবর্তন নিয়ে আলোচনা করেন একাডেমির চেয়ারম্যান আবু রায়হান পাভেল। তিনি টারশিয়ারি যুগ, প্লাইস্টোসিন যুগ ও সাম্প্রতিক কালের ভূতাত্ত্বিক প্রেক্ষাপট তুলে ধরেন।
পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা স্থানীয় নৃগোষ্ঠীর মানুষের সঙ্গে কথা বলে তাদের জীবনযাপন, জীবিকা, সামাজিক রীতিনীতি, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানে। এতে পাঠ্যবইয়ের জ্ঞানের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটে।
আয়োজকদের মতে, শ্রেণিকক্ষের বাইরে প্রকৃতি ও মানুষের জীবন থেকে শেখার সুযোগ তৈরি এবং শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য। দিনব্যাপী এ আয়োজন সফল করতে শিক্ষকদের পরিশ্রমের প্রশংসা করেছে একাডেমির পরিচালনা পর্ষদ।
মন্তব্য করুন