নিজস্ব প্রতিবেদক : নিউজ ডেস্ক ||
কখনো ‘জিনের বাদশা’, কখনো তান্ত্রিক-কবিরাজ। আবার কখনো পরিচিত ব্যক্তির মোবাইল নম্বর ক্লোন করে কম দামে চাল বিক্রির প্রলোভন। এমন নানা কৌশলে প্রতারণা করে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কথিত দুই ‘জিনের বাদশা’কে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার (২১ অক্টোবর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই ফরিদপুরের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তার দুজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআই সূত্রে জানা যায়, এই চক্রের প্রতারণার শিকার হন রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকার চাল ব্যবসায়ী রশিদুল ইসলাম। ২০২৪ সালের ২৫ মার্চ তাঁর পরিচিত বিজয় বাবুর মোবাইল নম্বর ক্লোন করে ফোন দেওয়া হয়। এ সময় ৩৩ টন চাল কম দামে বিক্রির প্রস্তাব দেওয়া হয় তাঁকে। পরে জরুরি টাকার প্রয়োজনের কথা বলে বিকাশ ও নগদের মাধ্যমে কয়েক দফায় মোট ৩ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।
নির্ধারিত সময়ে চাল না পেয়ে এবং প্রকৃত বিজয় বাবুর সঙ্গে যোগাযোগ করে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন রশিদুল। এ ঘটনায় প্রথমে স্থানীয় থানায় মামলা করেন তিনি। তবে আট মাসেও মামলার রহস্য উদ্ঘাটন না হওয়ায় বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে আদালত মামলাটির তদন্তভার পিবিআই ফরিদপুরকে দেন।
পুলিশ সুপার মো. রবিউল ইসলামের দিকনির্দেশনায় মামলাটির তদন্ত শুরু করেন উপপরিদর্শক মাজিদুল হক খান। তথ্যপ্রযুক্তি ও আর্থিক লেনদেন বিশ্লেষণ করে প্রায় এক বছর পর প্রতারণার রহস্য উদ্ঘাটন করেন তদন্তসংশ্লিষ্টরা। পরে ভোলাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রটির দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতারণার কাজে ভুয়া পরিচয়ে সিম নিবন্ধন করত চক্রটি। কাজ শেষে সেসব সিম ফেলে দিত তারা। গভীর রাতে নারীকণ্ঠে ‘জিনের বাদশা’ সেজে ভয়ভীতি দেখানো এবং তান্ত্রিক-কবিরাজ পরিচয়ে গোপন রোগ নিরাময়ের প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া ছিল তাদের অন্যতম কৌশল।
চক্রটিতে প্রায় পাঁচজন সদস্য জড়িত ছিল বলে জানিয়েছে পিবিআই। তাদের কেউ ফোন করে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলত, কেউ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) নম্বর সরবরাহ করত। আবার অন্য সদস্যরা বিভিন্ন এলাকা থেকে টাকা তুলে সংগ্রহ করত।
পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আদালতে জবানবন্দিতে প্রতারণার বিভিন্ন তথ্য দিয়েছেন। এ ধরনের লোভনীয় প্রস্তাব ও সন্দেহজনক ফোনকল থেকে সতর্ক থাকার পাশাপাশি প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।